নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ইয়াবা ট্যাবলেটসহ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি সাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ মশোর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগঞ্জ বিওপির একটি টহলদল সুবেদার মো. ইমরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাইকেলযোগে ওই এলাকায় এলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া করে তাকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৭টি ইয়াবা ট্যাবলেট, দুটি বাটন মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত একটি সাইকেলও জব্দ করা হয়েছে।
আটক রাকিব ইসলাম ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মো. আইবুল ইসলামের ছেলে। পরে আটক রাকিব ইসলাম ও জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
