অনলাইন ডেস্ক। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশের সুনাম বয়ে এনেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছয় শিক্ষার্থী। আন্তর্জাতিক Olympiad on English Language, Leadership and Sustainability (IOELLS)-2026 প্রতিযোগিতায় তারা স্বর্ণ, রৌপ্য ও বিশেষ সম্মাননা পদক অর্জন করেছে।
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা ইন্দোনেশিয়ার বালিতে গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক মেধা ও বুদ্ধিমত্তার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল ও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে সাফল্য অর্জন করে। পোস্টার প্রেজেন্টেশন টিম (জুনিয়র ক্যাটাগরি)তে শাহলা আনজুম, আরিয়া ইসলাম আদ্রী ও মো. আল ইমতিয়াজ সিরাজ স্বর্ণপদক লাভ করে। একই বিভাগে স্পেলিং বি (প্রাইমারি ক্যাটাগরি)তে আবদুল্লাহ আস সাদও স্বর্ণপদক অর্জন করে।
এ ছাড়া ইংলিশ অ্যান্ড লিডারশিপ অলিম্পিয়াড (জুনিয়র ক্যাটাগরি)তে দয়িতা ইসলাম নাবা রৌপ্য পদক অর্জন করে। আর স্পেলিং বি (প্রাইমারি ক্যাটাগরি)তে আরাফিয়া ইসলাম অরোরা পেয়েছে বিশেষ সম্মাননা পদক (অনারেবল মেনশন)।
শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সাফল্যে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অর্জনের পেছনে শিক্ষক, মেন্টর ও অভিভাবকদের নিরলস পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ এবং পিজিসি ও গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসউদুর রহমান বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরা সম্ভব হয়েছে। এ জয় পুরো দেশের জন্য গর্বের।
