ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে ভূমিকা রাখতে পারবেন।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

দিবসটি উপলক্ষে শিক্ষকরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *