পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি সম্পর্কে ধারণা দিতে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাব (বিএসি)।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এখনো সীমিত পরিসরে রয়েছে। এ বাজার কীভাবে সম্প্রসারণ করা যায়, তা নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরি করা প্রয়োজন।
উপাচার্য বলেন, কোনো ব্যবসায় বিনিয়োগ করলে লাভের পাশাপাশি ক্ষতির ঝুঁকিও থাকে। তবে ক্ষতির আশঙ্কায় বিনিয়োগ থেকে দূরে থাকলে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ থেকেও পিছিয়ে পড়তে হয়।
তিনি আরও বলেন, আগে মানুষ সিন্দুকে সঞ্চিত অর্থ রাখত, এখন রাখে ব্যাংকে। ব্যাংকে অর্থ সঞ্চয়ের পাশাপাশি মুনাফা পাওয়ার সুযোগ রয়েছে। নিজেদের সঞ্চিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে সেটিকে প্রতিষ্ঠিত করতে ব্যাংকগুলো সহযোগিতা করে। ভবিষ্যতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।
কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান ও প্রভাষক ইমরান মাহমুদ। সেশনগুলোতে পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি এবং সচেতন ও দায়িত্বশীল বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়ার পাশাপাশি আর্থিক খাতে পেশাগত সম্ভাবনা সম্পর্কেও জানতে পেরেছেন। শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যতে বিনিয়োগের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
