নীলফামারীর কিশোরগঞ্জে জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই আয়োজিত বৃক্ষরোপণ ও শিশু বিনোদন মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শ্মশান বাজার মাঠে অভিযান চালিয়ে মেলার কয়েকটি স্টল ও প্রবেশপথ সরিয়ে দেওয়া হয়। এ সময় ব্যবসায়ীদের মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আয়োজক কয়েকজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, পুটিমারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মেলাটির আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা স্টল দেন।
মেলা চলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। পরে মেলা বন্ধ করে দেওয়া হয়।
মেলায় স্টল দেওয়া ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, আমরা কয়েকদিন ধরে এখানে দোকান করছি। আজ হঠাৎ করে ইউএনও পুলিশ নিয়ে এসে সবকিছু ভেঙে দেন। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
আরেক ব্যবসায়ী জিহাদ আলি বলেন, আগে জানালে আমরা সরে যেতাম। আমরা জানতাম মেলার অনুমতি নেওয়া হয়েছে এবং মেলা চলবে। হঠাৎ করে মেলা বন্ধ করে দেওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি।
মেলার আয়োজক ও পুটিমারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খবির উদ্দিন বলেন, মেলার জন্য জেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছিল। এখনও দুই দিন সময় আছে। গতকাল রাতে একজন মেলা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু আজ হঠাৎ করে ইউএনও এসে মেলার সবকিছু ভেঙে দেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, মেলাটি অনুমতি ছাড়াই চলছিল। তাই ভেঙে দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম বলেন, আমি দেখেছিলাম একটি মেলার জন্য জায়গাটি সাজানো হয়েছিল। এতটুকুই দেখেছি। মেলার বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে যতটুকু জানতে পেরেছি, মেলার কোনো অনুমোদন ছিল না।
তবে জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, আমি অবগত হাওয়ার পর ইউএনও মহোদয়কে পাঠিয়ে এ মেলা বন্ধ করিয়েছি। জেলা প্রশাসন থেকে এমন কোনো মেলার অনুমোদন দেওয়া হয়নি।
