নীলফামারীর জলঢাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিশাল (২০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জলঢাকা উপজেলার ডালিয়া সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল জলঢাকা উপজেলার ভাবনচুর এলাকার মৃত মাজেদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশাল ও শাহিনুর ইসলাম অটোভ্যান যোগে জলঢাকা থেকে ডালিয়া সড়কের দিকে যাচ্ছিলেন। এ সময়ে অপরদিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বিশালের মৃত্যু হয় এবং যাত্রী শাহিনুর ইসলাম গুরুতর আহত হয়।
এ বিষয়ে জালঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
