নীলফামারীর ডিমলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ ও ১১ অক্টোবর ডিমলা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত প্রশিক্ষণে ডিমলা ও ডোমার উপজেলার দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম, ডোমার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদ মাহমুদ এবং ডিমলা উপজেলা সহকারী প্রোগ্রামার ও ব্যানবেইজড কর্মকর্তা শাহানুর আলম।
প্রশিক্ষণে ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের একজন সুপারভাইজার ও ১৪ জন তথ্য সংগ্রহকারী এবং ডিমলা উপজেলার দুজন সুপারভাইজার ও ১৩ জন তথ্য সংগ্রহকারী অংশ নেন। দুই উপজেলা থেকে মোট তিনজন সুপারভাইজার ও ২৭ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে পরিবারের সঠিক তথ্য সংগ্রহ, নির্ধারিত ফরম পূরণ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই ও সংরক্ষণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব-কর্তব্য, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং কার্যক্রম তদারকির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহের নির্ভুলতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভুল ও অসম্পূর্ণ তথ্য এড়ানো এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে ডিমলা উপজেলা প্রশাসন, ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ডোমার উপজেলা সমাজসেবা কার্যালয়, নীলফামারী।
