নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে গিয়ে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। এ ঘটনায় নাঈম ইসলাম (২৫) নামে ওই চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ ও কলম বিরতির ডাক দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুরে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্সচালক নাঈম ইসলাম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে হাসপাতালে আসেন। এ সময় তিনি চিৎকার করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সেখানে দায়িত্বরত রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাঁকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
পরে চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে নাঈমকে আটক করেন। পরে তাঁকে নীলফামারী সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় এক বেসরকারি অ্যাম্বুলেন্সচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
