ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের ময়দানডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডিমলা উপজেলার মধ্য ছাতনাই এলাকার ফরিউজ্জামানের ছেলে সুমন আলী এবং ডাঙ্গারহাট উত্তর সুন্দরখাতা এলাকার লব আলীর ছেলে শাহীন আলম।

থানারহাট বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি দল ময়দানডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিজিবি আমাদের কাছে দুজনকে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলা কারাগারে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *