প্রতিদিনের মতই শ্রেণিকক্ষে চলছিল নিয়মিত পাঠদান। এরই মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কয়েকজন কর্মকর্তা এসে উপস্থিত হন বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের সঙ্গে মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন তাঁরা। পরে মাদক থেকে দূরে থাকার শপথ নেয় শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এ মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির কারণে ব্যক্তি ও পরিবারের ওপর নেতিবাচক প্রভাব এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী কখনো মাদক গ্রহণ না করার এবং অন্যদেরও মাদক থেকে দূরে থাকার বিষয়ে সচেতন করার শপথ নেয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর অর্পন কুমার ভট্টাচার্য বলেন, “বর্তমানে চারদিকে মাদকের ভয়াবহতা বাড়ছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জানাতে আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি করছি।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শুরু থেকেই সচেতন হয় এবং মাদক থেকে দূরে থাকে, সে বিষয়ে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
এ সময় কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক সোহেল রানাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
