নীলফামারীর ৬ উপজেলায় কলেজভিত্তিক ভিডিপির প্রশিক্ষণে ৪০০ চারা বিতরণ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর ছয় উপজেলায় প্রথমবারের মতো কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপে ৪০০ প্রশিক্ষণার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ৪০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে একযোগে জেলার ছয় উপজেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ গাছ।

বাংলাদেশকে সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছে সরকার। এ কর্মসূচিতে স্থানীয় ও পরিবেশ উপযোগী প্রজাতির গাছকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে প্রশিক্ষণার্থীদের বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

ডিমলা ও জলঢাকা উপজেলায় প্রশিক্ষণার্থীদের হাতে গাছের চারা তুলে দেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, পিভিএম, সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান এবং প্রশিক্ষিকা নুরতাজ খাতুন।

এ ছাড়া ইউনিয়ন দলনেতা মো. আবুল কালাম আজাদ সরকার, দলনেত্রী অনামিকা আক্তার বেবি ও আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছ রোপণ ও পরিচর্যার বিষয়ে উৎসাহিত করা হয়। প্রশিক্ষণার্থীরা জানান, প্রশিক্ষণ শেষে নিজ নিজ বাড়িতে ফিরে তাঁরা প্রাপ্ত চারাগুলো রোপণ ও পরিচর্যা করবেন। একই সঙ্গে পরিবারের সদস্য, প্রতিবেশী ও স্থানীয় মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার কথাও জানান তাঁরা।

প্রশিক্ষণার্থীদের কয়েকজন বলেন, একটি চারা হাতে তুলে দেওয়ার মাধ্যমে শুধু গাছ লাগানোর দায়িত্ব নয়, বরং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ছায়া, ফল ও অক্সিজেন দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণার্থী ও তরুণদের বৃক্ষরোপণ কার্যক্রমে যুক্ত করা গেলে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যার বিষয়টিও গুরুত্ব পাবে।

 

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *