ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন

নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং পল্লীশ্রী সংস্থার সহযোগিতায় দিবসটি উদ্‌যাপন করা হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বন্যা, নদীভাঙন, বজ্রপাত ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পরিবার ও সমাজের সম্মিলিত প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের আগাম সতর্কবার্তা অনুসরণ, নিরাপদ আশ্রয়কেন্দ্র সম্পর্কে ধারণা রাখা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না; প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। আগাম সতর্কতা, প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানো গেলে দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *