সৈয়দপুরে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

নীলফামারী সৈয়দপুরে বিদ্যুতের কাজ করার সময় মই থেকে পড়ে হায়দার আলী (৪৭) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হায়দার আলী নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রের অধীনে ঠিকাদার নিয়োজিত লাইন হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সৈয়দপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান ফটকের বিপরীতে সৈয়দপুর-নীলফামারী সড়কসংলগ্ন ওয়াপদা নতুনহাট এলাকার মৃত জোনাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিক অটো রাইস মিলের সামনের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগে সমস্যা দেখা দেয়। পরে অফিসের নির্দেশে সেখানে এলটি (লো-টেনশন) লাইনের কাজ করতে মিস্ত্রি রাশেদের সঙ্গে সহযোগী হিসেবে যান হায়দার আলী। রাশেদ মইয়ের ওপর উঠে কাজ করার সময় তাঁকে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিতে একই মই বেয়ে ওপরে উঠছিলেন হায়দার। মইয়ের মাঝামাঝি ওঠার পর হঠাৎ নিচে সড়কের ওপর পড়ে যান তিনি। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে মিস্ত্রি রাশেদ ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেসকোর সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, ‘হায়দার আলী ঠিকাদারের অধীনে লাইন হেলপার হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট বৈদ্যুতিক লাইন সম্পূর্ণ বন্ধ (শাটডাউন) ছিল। তিনি নিচে অবস্থান করে ওপরের মইয়ে কাজ করা মিস্ত্রি রাশেদকে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে দিয়ে সহযোগিতা করছিলেন। এ সময় মইয়ের মাঝামাঝি থেকে পড়ে গিয়ে শক্ত সড়কে আঘাত পান তিনি। মাথায় গুরুতর আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি পড়ে গেছেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

 

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *