সৈয়দপুরে অবতরণ, রংপুরে যাত্রা, কিন্তু সৈয়দপুরবাসীর সঙ্গে কথা বলার সুযোগ কোথায়?

প্রধানমন্ত্রী এলেন, সৈয়দপুরবাসীর সঙ্গে কথা হলো না, স্থানীয় নেতৃত্বের দায় কোথায়?

প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে আজকের সফরের সময়সূচি ছিল পূর্বনির্ধারিত। সেই কারণে সৈয়দপুরে কোনো পথসভা কিংবা জনসংযোগের কর্মসূচি ছিল না। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীন-এর সঙ্গে কথা বলে জানা যায়, বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রধানমন্ত্রীকে সৈয়দপুর সফরের অনুরোধ জানান। জবাবে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, পরবর্তী সময়ে তিনি অবশ্যই সৈয়দপুর সফর করবেন।

প্রধানমন্ত্রীর এই আশ্বাস সৈয়দপুরবাসীর জন্য আশার বার্তা। তবে প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে এমন সফরের সুযোগ কাজে লাগাতে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কতটা প্রস্তুত?

অবশ্যই, পূর্বনির্ধারিত কর্মসূচি, সময়ের সীমাবদ্ধতা ও নিরাপত্তাব্যবস্থার কারণে তাৎক্ষণিকভাবে কোনো জনসভা বা মতবিনিময়ের আয়োজন করা সম্ভব নাও হতে পারে। তাই শুধু আজকের সফরে পথসভা না হওয়াকে ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রধানমন্ত্রীর পরবর্তী সৈয়দপুর সফরকে কীভাবে জনসম্পৃক্ততার সুযোগে পরিণত করা যায়।

সৈয়দপুর একটি গুরুত্বপূর্ণ জনপদ। এই শহরের মানুষের রয়েছে উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা ও কর্মসংস্থান নিয়ে নানা প্রত্যাশা। তাঁরা চান, তাঁদের কথাও জাতীয় নেতৃত্বের কাছে পৌঁছাক। আর এই যোগাযোগ তৈরিতে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজনীতির সার্থকতা শুধু ক্ষমতার কাছাকাছি থাকা কিংবা পদ-পদবি ধারণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা, তাঁদের সমস্যা তুলে ধরা এবং তাঁদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব কমানোই প্রকৃত জনসেবার পরিচয়।

প্রধানমন্ত্রী সৈয়দপুর সফরের আশ্বাস দিয়েছেন। এখন স্থানীয় নেতৃত্বের দায়িত্ব সেই আশ্বাসকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হওয়া, যাতে পরবর্তী সফর কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সৈয়দপুরবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

নেতৃত্বের প্রকৃত পরিচয় ক্ষমতার পাশে থাকা নয়, জনগণের পাশে দাঁড়ানো, সৈয়দপুরবাসী এখন অপেক্ষায় ,কবে প্রধানমন্ত্রী এই জনপদে এসে তাঁদের কথা শুনবেন, জানবেন তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা। সেই প্রত্যাশা পূরণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কতটা কার্যকর ভূমিকা রাখে, সেটিই হবে তাদের দায়বদ্ধতার প্রকৃত পরীক্ষা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *