আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান বান্না, উপজেলা আনসার কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, স্বেচ্ছাসেবক নিয়োগ ও সিসিটিভি স্থাপনের পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে ডিমলায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
