তথ্যের ভিড়ে সত্যের সন্ধানে নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্ক

একটি সংবাদপত্র শুধু কাগজে ছাপা কিছু খবরের সমষ্টি নয়। একটি সংবাদমাধ্যম কেবল তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমও নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের প্রত্যাশা, সমাজের কথা বলার অধিকার এবং সময়কে সত্যনিষ্ঠভাবে ধারণ করার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্কের পথচলা শুরু।

আমরা যাত্রা শুরু করেছি দুটি প্ল্যাটফর্মকে সঙ্গে নিয়ে। মুদ্রিত সংবাদপত্র নর্থ বেঙ্গল নিউজ এবং ডিজিটাল সংবাদমাধ্যম nbengalnews.com। মাধ্যম দুটি আলাদা হলেও আমাদের লক্ষ্য একটাই, পাঠকের কাছে সত্য, প্রয়োজনীয় ও দায়িত্বশীল সংবাদ পৌঁছে দেওয়া।

আমরা এমন এক সময়ে পথচলা শুরু করেছি, যখন তথ্যের অভাব নেই। বরং প্রতিদিন অসংখ্য তথ্য, ছবি, ভিডিও ও মতামত মানুষের সামনে হাজির হচ্ছে মুহূর্তের মধ্যে। কিন্তু তথ্যের এই বিপুল স্রোতের ভেতর সত্যকে খুঁজে নেওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। কোনটি সংবাদ, কোনটি গুজব, কোনটি মতামত আর কোনটি উদ্দেশ্যপ্রণোদিত তথ্য, তা বোঝার দায়িত্বও তাই আগের চেয়ে গুরুত্বপূর্ণ।
এই বাস্তবতায় সাংবাদিকতার মূল শক্তি হওয়া উচিত বিশ্বাসযোগ্যতা।

আমরা বিশ্বাস করি, একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তার পাঠকের আস্থা। সেই আস্থা অর্জন করা যায় না কেবল দ্রুত সংবাদ প্রকাশ করে। এর জন্য প্রয়োজন তথ্য যাচাই, সত্যের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি সম্মান এবং ভুল হলে তা স্বীকার করার সাহস।

নর্থ বেঙ্গল মিডিয়া নেটওয়ার্ক সেই সাংবাদিকতার চর্চাই করতে চায়। আমাদের সংবাদে থাকবে মানুষের কথা। থাকবে উত্তরবঙ্গের জনপদ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতি, পরিবেশ, সম্ভাবনা ও সংকটের কথা। প্রত্যন্ত অঞ্চলের যে মানুষটির কথা অনেক সময় বড় শহরের ব্যস্ততার আড়ালে পড়ে যায়, তার কথাও আমরা গুরুত্ব দিয়ে শুনতে চাই।

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *